৩৫ জন গ্রেফতার, তবু নতুন মামলা—এনআইএ তদন্তে চাঞ্চল্য
রাজ্যের বিরোধী দলনেতা আগেই অভিযোগ তুলেছিলেন পুলিশি নিষ্ক্রিয়তার। সেই আবহেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কেন্দ্র চাইলে এই ঘটনায় এনআইএ তদন্ত হতে পারে। শেষ পর্যন্ত বেলডাঙার অশান্তির ঘটনায় তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তারা এই মামলার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং সেই সংক্রান্ত এফআইআর কপি আদালতে জমা পড়েছে। তদন্তের কাজে এনআইএ আধিকারিকরা মুর্শিদাবাদেও পৌঁছেছেন।এনআইএ তদন্তভার নেওয়ার পর রাজ্য পুলিশের কাছেও পৌঁছেছে বিশেষ নির্দেশ। শুক্রবার বিশেষ এনআইএ আদালত নির্দেশ দিয়েছে, বেলডাঙার অশান্তির ঘটনা সংক্রান্ত সমস্ত নথি ও কাগজপত্র যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘটনায় ইতিমধ্যেই মুর্শিদাবাদ পুলিশ ৩৫ জনকে গ্রেফতার করেছে। সেই একই ঘটনার উপর ভিত্তি করেই এবার নতুন করে মামলা করে তদন্ত শুরু করল এনআইএ।হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার এই তদন্ত শুরু হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, বেলডাঙার অশান্তির নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র ছিল কি না, অথবা এর সঙ্গে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে এনআইএ। খুব শীঘ্রই ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিশেষ এনআইএ আদালতে আবেদন জানাতে পারে তারা।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। এলাকায় ভাঙচুর চালানো হয়, রেল অবরোধ করা হয়, জাতীয় সড়ক আটকে বিক্ষোভ চলে। এমনকি সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনার প্রেক্ষিতেই দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা।কিন্তু যে ঘটনাকে ঘিরে এত অশান্তি, তদন্তের পর সেই মৃত্যুর কারণ নিয়েই তৈরি হয় বড় প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যায়, ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়নি বা তাঁর উপর নির্যাতনও হয়নি। রিপোর্ট অনুযায়ী, তিনি আত্মঘাতী হয়েছিলেন। তা হলে কি ভুয়ো খবর ছড়িয়ে পরিকল্পিতভাবে বেলডাঙায় অশান্তি ছড়ানো হয়েছিল? কারা এর নেপথ্যে ছিল? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা।

